জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে নেত্রকোণার কেন্দুয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ আগস্ট) সকাল ১১টায় কেন্দুয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈম হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান (ইউএলও), কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া (মজনু), সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন আহমেদ খোকন, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক নুরুল হক ভূঁইয়া, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরাও সভায় অংশগ্রহণ করেন।
সভায় অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে সরকারি নির্দেশনা অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে একটি উদযাপন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, সকল ধর্মীয় উপাসনালয়ে দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, ত্যাগ ও চেতনা নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে দিবসটি সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মর্যাদাপূর্ণ পরিবেশে উদযাপন করা প্রয়োজন। এ লক্ষ্যে প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সবার আগে আমরা আছি আপনার সাথে