নেত্রকোণার কেন্দুয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত দুলাইন আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় আজ জাতীয় ক্রীড়াঙ্গনে এক উজ্জ্বল নাম। ভারসাম্য দৌঁড় প্রতিযোগিতায় টানা ১০ বার জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে বিদ্যালয়টি গড়েছে এক বিরল ও অনন্য রেকর্ড।
সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার ভারসাম্য দৌঁড়ে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে বিদ্যালয়ের গৌরবময় সাফল্যের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেছে। এর মধ্য দিয়ে ২০১৬ সাল থেকে শুরু হওয়া জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠত্বের মুকুট অষ্টমবারের মতো ধরে রাখতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি।
বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিবছর ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা সফলভাবে অতিক্রম করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিয়মিত অনুশীলন, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই ধারাবাহিকভাবে এই অসাধারণ সাফল্য অর্জিত হচ্ছে। শুধু ভারসাম্য দৌঁড় নয়, দীর্ঘ লাফ, উচ্চ লাফসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টেও জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গত বছরও ভারসাম্য দৌঁড়ের ছেলে ও মেয়ে উভয় বিভাগে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিদ্যালয়টি। ফলে জেলার ক্রীড়াঙ্গনে বিদ্যালয়টি এখন একটি অনুকরণীয় ও অনুসরণযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক বলেন, ২০১৬ সাল থেকে ২০২৬ পর্যন্ত টানা ১০ বার জাতীয় পর্যায়ে প্রথম হওয়ার কৃতিত্ব আমাদের জন্য অত্যন্ত গর্বের। শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। আমরা ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।
কেন্দুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জোবায়ের আহমেদ হিলালী ইমন বলেন, একটি গ্রামীণ বিদ্যালয়ের এমন ধারাবাহিক সাফল্য সত্যিই প্রশংসনীয়। এটি শুধু কেন্দুয়ার নয়, সমগ্র নেত্রকোণা জেলার জন্য গৌরবের বিষয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম বলেন, টানা ১০বার জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া একটি অসাধারণ অর্জন। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এজন্য অভিনন্দনের দাবিদার। তাদের এই সাফল্য অন্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।
প্রত্যন্ত অঞ্চলের একটি বিদ্যালয় হয়েও জাতীয় পর্যায়ে ধারাবাহিক সাফল্য অর্জনের মাধ্যমে দুলাইন আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রমাণ করে সুযোগ, পরিশ্রম এবং সঠিক দিকনির্দেশনা থাকলে গ্রামবাংলা থেকেই উঠে আসতে পারে দেশের সেরা ক্রীড়াবিদ। বিদ্যালয়টির এই অনন্য অর্জন আজ কেন্দুয়াসহ সমগ্র নেত্রকোণাবাসীর গর্ব।
সবার আগে আমরা আছি আপনার সাথে