
প্রকাশের সময় 10/01/2026
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল, নেত্রকোনা জেলা শাখা।
আজ শনিবার সকালে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক জাকির হোসেন, নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোলায়মান হোসেন রুবেল, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হক, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুম মুল্লাসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সমাবেশে বক্তারা বলেন, আজিজুর রহমান মুসাব্বির ছিলেন একজন ত্যাগী ও আদর্শবান নেতা। তার নৃশংস হত্যাকাণ্ড গণতন্ত্র ও রাজনীতির জন্য একটি অশনিসংকেত। এ ধরনের রাজনৈতিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বক্তারা আরও বলেন, অবিলম্বে খুনিদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
Reporter Name 









