
প্রকাশের সময় 01/11/2026
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”
নেত্রকোনায় নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (১ নভেম্বর) সকালে জেলা শহরে বর্ণাঢ্য র্যালি, বেলুন উড্ডয়ন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১০টায় জেলা শহরের পারলা বিজিবি ক্যাম্প এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে যুব উন্নয়ন অধিদপ্তর, নেত্রকোনা কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু এবং নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিজা খাতুন।
এর আগে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
আলোচনা সভায় বক্তারা যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ, কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে তরুণদের দেশ গঠনের কাজে সম্পৃক্ত করতে হবে।
আলোচনা সভার একপর্যায়ে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারী কয়েকজন শিক্ষার্থীর হাতে চেক ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এবং অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।
এ সময় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রত্যয়কে সামনে রেখে যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও উৎপাদনমুখী করে গড়ে তোলার আহ্বানের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি পালিত হয়।

এ কে এম আব্দুল্লাহ্ 








