
প্রকাশের সময় 29/11/2026
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিল, অগ্নিসংযোগ ও সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে রাতভর মাঠে ছিলেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
রাত ১২টার পর থেকে কনকনে শীত উপেক্ষা করে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নেত্রকোনা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে রাতভর পরিদর্শন করেন তিনি। এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নেতাকর্মীদের অবস্থান ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার নির্দেশনা দেন।
এসময় সংসদ সদস্যের সাথে ছিলেন, জেল বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, সদর থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি তাজেদুল ফারাস সুজা, জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আজহারুল ইসলাম কমল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম, সহ সভাপতি মোঃ আল-আমিন সদর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুহুল আমিন খান পাঠান অন্তর, পৌর ছাত্রদলের সভাপতি রাজন হোসেন, সিনিয়র সহ সভাপতি রিজন খান সহ অন্যান্যরা।
এর আগে সন্ধ্যা ৭টায় নেত্রকোনা জেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার সার্বিক পরিস্থিতি, জননিরাপত্তা এবং সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করেন অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
পরিদর্শনকালে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা ও জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। কোনো ধরনের উসকানি, অগ্নিসংযোগ কিংবা নাশকতামূলক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া যাবে না। একই সঙ্গে আইন নিজের হাতে তুলে না নিয়ে যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর নির্দেশনা দেন।
রাজনৈতিক অস্থিরতা কিংবা সহিংসতার আশঙ্কার মধ্যে রাতভর বিভিন্ন ইউনিয়নে সংসদ সদস্যের এই পরিদর্শনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে সতর্কতামূলক তৎপরতা দেখা যায়।
জনগণের জানমালের নিরাপত্তা, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মীদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
ডেস্ক রিপোর্ট 














