
প্রকাশের সময় 13/10/2026
নেত্রকোনার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ চারজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম।
সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মদন পৌরসভার শওদাগর পাড়া বালুর মাঠে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও চার-পাঁচজন পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন- মদন উপজেলার কুলিয়াটি পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী আকন্দ হিরা (২৯), মদন পৌরশহরের দক্ষিণপাড়া গ্রামের শান্তু মিয়ার ছেলে হুমায়ুন কবির (৩২), কাইকুরিয়া গ্রামের মৃত গনি মিয়ার ছেলে মো. মানিক(৩০) এবং আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের দেবাদ্দর গ্রামের আ. জলিলের ছেলে তারেক (২৪)।
তাদের গ্রেফতারের বিষয়টি জানাজানি হলে আজ নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সিদ্ধান্তে দপ্তর সম্পাদক সাক্ষরিত দলীয় পেডে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী আকন্দ হিরাকে বহিষ্কার করে।
নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি আদর্শভিত্তিক ছাত্রসংগঠন। এই সংগঠনে কোনো ব্যক্তি অপরিহার্য নয়; সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও ভাবমূর্তিই সবার ঊর্ধ্বে। ছাত্রদলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে মাদকসংক্রান্ত অভিযোগ উঠলে কিংবা এমন কোনো ঘটনায় জড়িয়ে পড়লে, তা সংগঠনের নীতি ও আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। সংগঠনের ভাবমূর্তি রক্ষা এবং শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তার বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, মাদক ও অপরাধের বিরুদ্ধে আমাদের অবস্থান আপসহীন। ছাত্রদলের পরিচয় ব্যবহার করে কেউ সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করলে তার দায় সংগঠন নেবে না।
পুলিশ সূত্রে জানা যায়, মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আখতারুজ্জামানের নেতৃত্বে পুলিশের নিয়মিত টহলের অংশ হিসেবে একটি টহল দল পৌর শহরের শওদাগর পাড়া বালুর মাঠে অভিযান চালায়। এ সময় ইয়াবা ও গাঁজা সেবনের অভিযোগে ওই চারজনকে আটক করা হয়।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম বলেন, গত রাতে মাদক সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মদন উপজেলা প্রতিনিধি 









