
প্রকাশের সময় 04/06/2026
আমির ফয়সাল হত্যার বিচার এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে নেত্রকোণা শহরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রেসক্লাবের সামনে ‘নেত্রকোণাবাসী’র ব্যানারে আয়োজিত মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে অংশগ্রহণকারীরা সড়ক অবরোধ করে তাদের দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, আমির ফয়সালকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত সকল আসামির দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য, গত ১ জুন রাত পৌনে ১২টার দিকে বামুনীকোণা সংসদ বাজার মসজিদের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে চল্লিশা এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে কথাকাটাকাটিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে বামুনীকোণা গ্রামের নজরুল ইসলামের ছেলে আমির ফয়সাল নিহত হন। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।
মজিবুর রহমান কিবরি 















