
প্রকাশের সময় 07/08/2026
নেত্রকোনায় তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি ও পলাতক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তারের পর নেত্রকোনা মডেল থানায় হস্তান্তর করেছে র্যাব-১৪। শুক্রবার বিকেলে তাকে থানায় আনা হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে শনিবার আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার বিকেল চারটার দিকে গ্রেপ্তারকৃত রিপন মিয়াকে নেত্রকোনা মডেল থানায় নিয়ে আসে র্যাব-১৪।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, গৌরীপুর থেকে আটকের পর র্যাব তাকে থানায় হস্তান্তর করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আগামীকাল আদালতে পাঠানো হবে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মহিষারন-অচিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল তাকে আটক করে।
মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী ১৫ বছর বয়সী এক কিশোরী এবং অভিযুক্ত একই এলাকার বাসিন্দা। অভিযোগ রয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে কিশোরীকে কুপ্রস্তাব দিতেন রিপন। গত ৩০ জুলাই রাতে জরুরি কথা বলার কথা বলে মগড়া নদীর উত্তর পাড়ে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় গত ৫ আগস্ট ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নেত্রকোনা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরপর থেকেই অভিযুক্তকে গ্রেপ্তারে ছায়া তদন্ত ও নজরদারি চালায় র্যাব। পরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৪ গ্রেপ্তারকৃত আসামিকে আমাদের কাছে হস্তান্তর করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।
জাহাঙ্গীর আলম 









